Menu

জাদু ইস্কুলে টিপু 
জাদু ইস্কুলে টিপু

Featured

জগতের যে কোন সংস্কৃতিতেই ছোটদের কাছে রূপকথার আকর্ষণ চীরকালীন। কিন্তু বর্তমান সময়ে আমাদের পৃথিবী বড্ড তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে। সেই তুলনায় রূপকথার জগৎ যেন খুবই প্রাচীন, আধুনিক কচি কাঁচারা সেই জগতের অনেক কিছুই ঠিকমতো বুঝতে পারে না। কেমন হতো  যদি এখনকার পৃথিবীর উপযুক্ত রূপকথা লেখা যেতো, তাও আবার আমাদের নিজস্ব ভারতীয় তথা বাঙালি সংস্কৃতি অনুসারে?

এই ভাবনা থেকেই সুলেখিকা কেকা বাসুদেব তাঁর মায়াময় কলমে সৃষ্টি করলেন বাংলার এক মফস্বলের অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের অনাথ কিন্তু দামাল ছেলে টিপুকে, যে কিনা স্কুলের তথাকথিত "ব্যাকবেঞ্চার "। প্রথমে সাধারণ মনে হলেও টিপু যে আসলে সাধারণ নয় সেটা বোঝা গেল যখন সে অচিনপুরের জাদু ইস্কুলে ভর্তি হবার আমন্ত্রণ পেলো। অনেক দ্বিধা দ্বন্দ কাটিয়ে অবশেষে টিপু সেখানে ভর্তিও হয়ে গেল। 

তারপর শুধু ম্যাজিক আর ম্যাজিক! যেসব ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে ছিলো, স্কুলে, বাড়িতে বা সমাজে সবাই ধরে নিয়েছিল তাদের কিচ্ছু হবে না, দেখা গেল তারা কিন্তু মোটেই হেলাফেলার নয়, বরং উপযুক্ত সুযোগ আর যত্ন পেলে তারাও ম্যাজিক করতে পারে। দেখতে দেখতে টিপু জমিয়ে ফেললো এই জাদু ইস্কুলে, সহপাঠীরা হয়ে উঠলো প্রাণের বন্ধু। একসঙ্গে তারা শিখতে লাগলো নতুন নতুন সব ম্যাজিক। 

কিন্তু দূরন্ত কৌতূহলের জন্য টিপু প্রায়শই জড়িয়ে পড়তে থাকে বিভিন্ন সব সমস্যায়, এমনকি কখনও কখনও বিরাট সব বিপদে। সেইসব নিয়েই টিপুর রুদ্ধশ্বাস সব অভিযান, যেখানে প্রতিটি বাঁকে আছে আশ্চর্য্য সব চমক, দেদার মজা আর অসম্ভবকে জয় করার হাতছানি। টিপুর সেই বইগুলি একত্রে এখানে রইলো। আমরা আশা রাখি এই বইগুলি অন্তত কিছুক্ষনের জন্য হলেও মোবাইল ফোনের জগতের থেকেও আরো আকর্ষণীয় এক জগতে ছোটদের নিয়ে যেতে পারবে।